জাতীয়

ইসলামী ব্যাংকের আন্দোলনে রাজনৈতিক ট্যাগ দেওয়া যাবে না: সচেতন গ্রাহক ফোরাম

ঢাকা, ২ জুন – বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খানের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক অধ্যাপক নুরুন্নবী। মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে তিনি এই প্রতিক্রিয়া জানান।

অধ্যাপক নুরুন্নবী বলেন যে এই আন্দোলন কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয় বরং ব্যাংকের স্বার্থ রক্ষায় সচেতন গ্রাহকদের একটি স্বতঃস্ফূর্ত উদ্যোগ। তাই একে কোনোভাবেই রাজনৈতিক ট্যাগ দেওয়ার সুযোগ নেই।

এর আগে সোমবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছিলেন যে একটি রাজনৈতিক দল ইসলামী ব্যাংকের সিদ্ধান্তে হস্তক্ষেপ করছে এবং কেন্দ্রীয় ব্যাংক সড়কে আন্দোলনের চাপে সিদ্ধান্ত পরিবর্তন করবে না। এর জবাবে গ্রাহক ফোরামের আহ্বায়ক বলেন যে ১৯৮৩ সালে প্রতিষ্ঠার পর ইসলামী ব্যাংক বিশ্বের অন্যতম শীর্ষ ব্যাংকে পরিণত হয়েছিল।

কিন্তু ২০১৭ সালে রাজনৈতিক ছত্রছায়ায় একটি বিশেষ গোষ্ঠী ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর অনিয়ম ও অর্থ পাচারের মাধ্যমে একে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। বিক্ষোভ সমাবেশ থেকে বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদ জানানো হয় এবং তাকে অবিলম্বে স্বপদে পুনর্বহালের দাবি তোলা হয়।

পাশাপাশি নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তুলে তার নিয়োগ বাতিলের দাবি জানান আন্দোলনকারীরা।

গ্রাহক ফোরামের পক্ষ থেকে এস আলম গ্রুপের শেয়ার বিক্রি করে ব্যাংকের মূলধন সমন্বয় এবং ব্যাংক লুটপাটের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার করার দাবি উত্থাপন করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারাদেশে ব্যাংকের শাখাগুলোতে কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এস এম/ ২ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language