মধ্যপ্রাচ্য

ঈদুল আজহার ছুটিতেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৩৩ ফিলিস্তিনি

জেরুজালেম, ১ জুন – ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় নিহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। পবিত্র ঈদুল আজহার ছুটির সময়ে গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানে অন্তত ৩৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১৩০ জন আহত হয়েছেন।

অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরের অবৈধ বসতিগুলোতে ২ হাজার ৭২১টি নতুন আবাসন ইউনিট নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

দেশটির সিভিল অ্যাডমিনিস্ট্রেশন প্ল্যানিং কাউন্সিল এই পরিকল্পনা নিয়ে আলোচনা করতে আগামী ৩ জুন বুধবার বৈঠকে বসবে।

আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান এই হামলায় গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজার ৯৩৯ জনে। একই সময়ে আহতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৯২৭ জন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত ২৪ ঘণ্টায় গাজার হাসপাতালগুলোতে আরও একজনের মরদেহ এবং আটজন আহত ব্যক্তিকে আনা হয়েছে। এ ছাড়া গাজার বিভিন্ন স্থানে এখনও হাজার হাজার মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে জানা গেছে।

গাজা বন্দরের উপকূলে বেসামরিক নাগরিকদের একটি জমায়েত লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় একজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন যাদের মধ্যে কয়েকজন শিশুর অবস্থা আশঙ্কাজনক।

এছাড়া মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরের একটি বাড়ি লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন।

ঈদের শেষ দিনে গাজা সিটির সুক ফিরাস এলাকায় ড্রোন হামলায় সাইদ ফায়িজ শিমালি নামে ২৭ বছর বয়সী এক যুবক আহত হন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ইসরায়েলি বাহিনী জাবালিয়া শরণার্থী শিবিরে তাঁবু লক্ষ্য করে এবং শাতি শরণার্থী শিবিরের উপকূলে মাছ ধরার নৌকায় গুলিবর্ষণ করেছে। এছাড়া নুসেইরাত শরণার্থী শিবিরের একটি স্কুলে হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র হামলা এবং বুরেইজ শিবিরের পূর্বাঞ্চলে আর্টিলারি হামলা চালানো হয়েছে।

২০২৫ সালের ১০ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ৯৩০ জন নিহত ও ২ হাজার ৮১৯ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এনএন/ ১ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language