সাতক্ষীরা

সাতক্ষীরায় অতিরিক্ত ভাড়া আদায় রোধে বিআরটিএ-র ঝটিকা অভিযান

সাতক্ষীরা, ৩১ মে – সাতক্ষীরায় ঈদ পরবর্তী যাত্রীসেবা নির্বিঘ্ন রাখতে এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে বিভিন্ন দূরপাল্লার পরিবহন কাউন্টারে মনিটরিং ও পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

শনিবার রাতে শহরের সঙ্গীতা মোড় এলাকায় ট্রাফিক পুলিশ ও বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের যৌথ উদ্যোগে ঢাকাগামী বিভিন্ন পরিবহনের কাউন্টারে এই অভিযান চালানো হয়। পরিদর্শনকালে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে কি না তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।

একই সঙ্গে যাত্রীদের সচেতন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএ খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক প্রকৌশলী মো. জিয়াউর রহমান। তিনি পরিবহন সংশ্লিষ্টদের সরকার নির্ধারিত ভাড়া গ্রহণ, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যাত্রীদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করার কঠোর নির্দেশ দেন।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের পরিদর্শক জামান, পরিবহন ম্যানেজার সমিতির সভাপতি মুকুলসহ স্থানীয় পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা। বিআরটিএ কর্তৃপক্ষ জানায়, ঈদকে কেন্দ্র করে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়ের অসাধু প্রবণতা বন্ধে এ ধরনের মনিটরিং কার্যক্রম ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

এস এম/ ৩১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language