সাতক্ষীরা

সাতক্ষীরায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিকদের প্রতীকী প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি

সাতক্ষীরা, ৩ মে – তীব্র স্লোগান আর প্রতিবাদী আবহে সাতক্ষীরায় পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬। আক্রান্ত গণমাধ্যম মানেই আক্রান্ত রাষ্ট্র এবং সাংবাদিকতা কোনো অপরাধ নয় এমন বার্তা সামনে রেখে সাতক্ষীরা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিকরা।

রোববার সকালে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মুখ ও চোখে কালো কাপড় বেঁধে প্রতীকী প্রতিবাদ জানান। তাদের এই কর্মসূচির মূল দাবি ছিল সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক মামলা প্রত্যাহার এবং কারাবন্দি সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি।

অবস্থান চলাকালে প্ল্যাকার্ড ও ব্যানারে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের ওপর হামলা বন্ধের দাবি জানানো হয়। কর্মসূচিতে বক্তারা বলেন যে সত্য প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের প্রতিনিয়ত মামলা ও হামলার মুখে পড়তে হচ্ছে। রাজনৈতিক তকমা দিয়ে সংবাদকর্মীদের দমিয়ে রাখার চেষ্টা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

তারা অভিযোগ করেন গণমাধ্যম কার্যালয়ে হামলা ও মব সন্ত্রাসের ঘটনা বাড়ছে যা সাংবাদিকতার ক্ষেত্রে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি করছে। সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহসান রাজীবের সঞ্চালনায় আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও নাগরিক নেতারা সংহতি জানিয়ে বক্তব্য প্রদান করেন। বক্তারা অবিলম্বে সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এস এম/ ৩ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language