দেশের আট অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা সংকেত

রংপুর, ২৯ মে – দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর।
শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বার্তায় এই তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, এসব এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতির কারণে আট জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া অপর এক পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও রাতে সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এস এম/ ২৯ মে ২০২৬









