নোয়াখালী

সাংবাদিক মুজাক্কির হত্যা, বিচারের দাবিতে নোয়াখালী প্রেসক্লাবের মানববন্ধন

নোয়াখালী, ২১ ফেব্রুয়ারি – নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির নিহতের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা। এসময় এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সমাবেশও করা হয়।

রবিবার দুপুর ১২টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশ হয়।

সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ ছাড়াও আইনজীবী, মানবাধিকার কর্মী, উন্নয়নকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা বক্তব্য দেন।

আরও পড়ুন : শেখ হাসিনা-ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন

বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের জন্য প্রশাসনকে আলটিমেটাম দেয়। এতে প্রশাসন ব্যর্থ হলে বৃহত্তর আন্দোলনের হুমকিও দেন তারা।

এছাড়াও মুজাক্কিরের খুনীদের গ্রেপ্তারের দাবিতে জেলার কোম্পানীগঞ্জ ও চাটখিলসহ বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেন সাংবাদিকরা।

প্রসঙ্গত, গত শুক্রবার বিকালে কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট পূর্ব বাজারে মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহের সময় গুলিবিদ্ধ হন সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির। শনিবার রাত পৌনে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত মুজাক্কির দৈনিক বাংলাদেশ সমাচার ও অনলাইন পোর্টাল বার্তা বাজারের প্রতিনিধি ছিলেন। তিনি উপজেলার চরফকিরা ইউনিয়নের নোয়াব আলী মাস্টারের ছেলে। নোয়াখালী সরকারি কলেজ থেকে সম্প্রতি রাষ্ট্র বিজ্ঞানে মাস্টার্স শেষ করে সাংবাদিকতায় যুক্ত হয়েছিলেন মুজ্জাকির।

সূত্র : ঢাকাটাইমস
এন এইচ, ২১ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language