পোশাক খাতে বেতন ও বোনাস পরিশোধে বড় সাফল্য, অধিকাংশ শ্রমিক পাচ্ছেন ঈদের টাকা

ঢাকা, ২৬ মে – আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের তৈরি পোশাক খাতের শ্রমিক ও কর্মচারীদের বেতন এবং ঈদ বোনাস পরিশোধে বড় ধরনের অগ্রগতি লক্ষ্য করা গেছে।
ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের সচল কারখানাগুলোর প্রায় শতভাগেরই মার্চ ও এপ্রিল মাসের বেতন এবং বোনাস এরই মধ্যে পরিশোধ করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত তথ্যের ভিত্তিতে তৈরি একটি বিশেষ প্রতিবেদনে এই ইতিবাচক চিত্র ফুটে উঠেছে।
প্রতিবেদনের তথ্য মতে, ঢাকা ও চট্টগ্রাম অঞ্চল মিলিয়ে বর্তমানে সর্বমোট সচল কারখানার সংখ্যা ২ হাজার ১৩৪টি। এর মধ্যে সবকটি কারখানা মার্চ মাসের বেতন সম্পূর্ণ পরিশোধ করেছে। এপ্রিল মাসের বেতন পরিশোধের ক্ষেত্রেও উল্লেখযোগ্য সাফল্য মিলেছে।
দুই অঞ্চল মিলিয়ে ৯৯ দশমিক ৭২ শতাংশ অর্থাৎ ২ হাজার ১২৮টি কারখানা এপ্রিলের বেতন পরিশোধ করেছে। এছাড়া ৯৯ দশমিক ৫৮ শতাংশ বা ২ হাজার ১২৫টি কারখানায় ঈদ বোনাস দেওয়া সম্পন্ন হয়েছে।
পাশাপাশি ঈদের ছুটি শুরুর আগেই শ্রমিকদের আর্থিক স্বস্তি দিতে মে মাসের অগ্রিম বেতন দেওয়ার ক্ষেত্রেও মালিকপক্ষ ইতিবাচক সাড়া দিয়েছেন। এরই মধ্যে ৯৪ দশমিক ৮০ শতাংশ কারখানা মে মাসের অগ্রিম বেতন পরিশোধ করেছে।
আঞ্চলিক চিত্র বিশ্লেষণে দেখা যায়, ঢাকায় ১ হাজার ৭৯৪টি চালু কারখানার মধ্যে ৯৯ দশমিক ৭৮ শতাংশই এপ্রিল মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করেছে। এই জোনে মাত্র ৪টি কারখানায় এপ্রিলের পাওনা বকেয়া রয়েছে। অন্যদিকে চট্টগ্রাম জোনে ৩৪০টি সচল কারখানার মধ্যে ৩৩৮টিতে এপ্রিলের বেতন এবং ৩৩৫টিতে বোনাস পরিশোধ করা হয়েছে।
শ্রমিকদের সুশৃঙ্খলভাবে বাড়ি ফেরা নিশ্চিত করতে এবং মহাসড়কে অতিরিক্ত চাপ এড়াতে কারখানাগুলোতে পর্যায়ক্রমে ছুটি দেওয়ার কৌশল নেওয়া হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ও ২৫ মে অনেক শ্রমিক ঢাকা ছেড়েছেন। ২৬ মে সবচেয়ে বেশি অর্থাৎ ৪৩ শতাংশ কারখানার শ্রমিকেরা রাজধানী ছাড়ছেন।
আগামীকাল ২৭ মে অবশিষ্ট ১৪ শতাংশ কারখানার শ্রমিকদের ঢাকা ছাড়ার মাধ্যমে এই ছুটি প্রক্রিয়া সম্পন্ন হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের সহযোগিতার পাশাপাশি মালিক ও শ্রমিক পক্ষের ইতিবাচক ভূমিকার কারণে এবার সময়মতো বেতন ও বোনাস পরিশোধ সম্ভব হয়েছে।
এস এম/ ২৬ মে ২০২৬









