ছুটির দিনে ৩ অতিরিক্ত সচিবের পদোন্নতি, প্রশাসনে বড় রদবদল

ঢাকা, ২৫ মে – সরকারি ছুটির দিনেই প্রশাসনের গুরুত্বপূর্ণ তিন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করেছে সরকার। একই সঙ্গে বর্তমান একজন সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই রদবদলের বিষয়টি নিশ্চিত করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্বরত অতিরিক্ত সচিব ফারাহ্ শাম্মীকে সচিব পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। তাকে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার শাখার সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির-উদ-দৌলা সচিব পদে পদোন্নতি লাভ করেছেন। তাকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
পৃথক আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে যে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বর্তমান সচিব কাজী আনোয়ার হোসেনকে পদ পরিবর্তন করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
এই রদবদলের ফলে প্রশাসনের শীর্ষ পর্যায়ে নতুন নেতৃত্ব যুক্ত হলো।
এনএন/ ২৫ মে ২০২৬









