রাজবাড়ী

দৌলতদিয়া ঘাট এলাকা পরিদর্শন করলেন রাজবাড়ীর জেলা প্রশাসক

রাজবাড়ী, ২৫ মে – পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আফরোজা পারভীন। সোমবার দুপুরে তিনি বাস টার্মিনাল, ফেরি ও লঞ্চঘাট এলাকার সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক রাখার লক্ষ্যে এই পরিদর্শনের আয়োজন করা হয়।

পরিদর্শনকালে জেলা প্রশাসক যাত্রীদের সেবার মান বৃদ্ধি এবং ঘাটের শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ করে টিকিট ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতির ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ উল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস, সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এবং নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা।

পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ জানান, ঈদকে সামনে রেখে দৌলতদিয়া ঘাট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যাত্রী ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে জেলা পুলিশের একাধিক টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। বিশেষ করে ঘরমুখো মানুষ ও পশুবাহী যানবাহনের নিরাপদ পারাপার নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা প্রশাসক আফরোজা পারভীন সাধারণ যাত্রী ও ঘাট সংশ্লিষ্টদের সাথে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং প্রতিটি কাউন্টারে ভাড়া সম্বলিত পোস্টার ঝুলিয়ে রাখার নির্দেশ দেন। তিনি আরও বলেন, জেলা প্রশাসন, পুলিশ ও বিআইডব্লিউটিসি সমন্বিতভাবে কাজ করছে যাতে সাধারণ মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারে।

এনএন/ ২৫ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language