দেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

ঢাকা, ২৪ মে – সারা দেশে হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৪৩৪ জন শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে রবিবার এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত সারা দেশে হাম এবং এর উপসর্গ নিয়ে মোট ৫২৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৬ শিশুর। বাকি ৪৪২ জন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
একই সময়ের মধ্যে মোট ৬৩ হাজার ৮১৩ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে। এদের মধ্যে ৮ হাজার ৬২২ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এই বিভাগে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে ২২৪ জন শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ৩৬ হাজার ১৭৬ জন শিশু।
এনএন/ ২৪ মে ২০২৬









