জাতীয়

শিশু রামিসা হত্যা: তদন্ত কর্মকর্তার কাছে ডিএনএ রিপোর্ট হস্তান্তর

ঢাকা, ২৩ মে – রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ডিএনএ রিপোর্ট মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে সিআইডি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ফরেনসিক ইউনিট থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার এসআই অহিদুজ্জামান ভুঁইয়া নিপুন এই গুরুত্বপূর্ণ ফরেনসিক রিপোর্টগুলো সংগ্রহ করেন।

শনিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান যে রামিসা হত্যাকাণ্ডের ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার হাতে তুলে দেওয়া হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো পাওয়ার মাধ্যমে মামলার তদন্ত কার্যক্রম এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। রিপোর্টগুলো হাতে আসায় বর্তমানে মামলার অভিযোগপত্র বা চার্জশিট প্রস্তুতের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই আদালতে এই মামলার অভিযোগপত্র দাখিল করা হতে পারে।

গত ১৯ মে সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে শিশু রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এই নৃশংস ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল।

মামলার প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তারের পর তিনি শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। এর আগে পুলিশ সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকেও আটক করেছিল।

এনএন/ ২৩ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language