জাতীয়

ঈদেও বজায় থাকতে পারে তাপপ্রবাহ, তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা

ঢাকা, ২২ মে – ভ্যাপসা গরমে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। বর্তমানে দেশের ১১টি জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

এমন অস্বস্তিকর আবহাওয়ার মধ্যেই কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। তবে ঈদের উৎসবে আবহাওয়া খুব একটা স্বস্তি দেবে না বলে আভাস মিলেছে। ঈদের সময়টাতেও দেশের কোনো কোনো স্থানে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন,

আগামী সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণ ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। তবে এই স্বস্তি কেবল সাময়িক। ২৬ মে থেকে দেশের তাপমাত্রা আবারও বাড়তে শুরু করবে বলে মনে করছে আবহাওয়া অফিস।

ঈদের দিনের আবহাওয়ার বিষয়ে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, ঈদের দিন সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে উত্তরাঞ্চল এবং রাজধানী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম।

উল্টো ঢাকা বিভাগের কিছু অংশে ওই দিন তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ফলে এবারও প্রচণ্ড গরমের মাঝেই ঈদের নামাজ ও কোরবানির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হতে পারে রাজধানীবাসীকে।

এস এম/ ২২ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language