মধ্যপ্রাচ্য

বাব আল-মান্দাব প্রণালীতে সৌদি জাহাজ চলাচলের ওপর ইয়েমেনের নিষেধাজ্ঞার হুমকি

সানা, ৬ জুলাই – হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ইরানের সাম্প্রতিক পদক্ষেপের মধ্যেই লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযোগকারী কৌশলগত বাব আল-মান্দাব প্রণালীকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এতে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ইয়েমেনের পক্ষ থেকে জানানো হয়েছে,

সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ ও আকাশপথের অবরোধ প্রত্যাহার করা না হলে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে রিয়াদের সব ধরনের জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইরান থেকে আসা মাহান এয়ারের দ্বিতীয় বেসামরিক ফ্লাইটের অপেক্ষায় রয়েছে ইয়েমেন।

এর মধ্যেই রিয়াদকে চাপে ফেলতে আনসারুল্লাহ আন্দোলন বাব আল-মান্দাব প্রণালীর নিয়ন্ত্রণ ব্যবহার করার পরিকল্পনা করছে। ইয়েমেন সরকার জাতিসংঘ ও সৌদি আরবকে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে তাদের বন্দরগুলোর ওপর থেকে সব বিধিনিষেধ সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে।

এই সতর্কতা উপেক্ষা করা হলে লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালীতে সৌদি জাহাজ চলাচলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। সানা আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক খালেদ আল-শায়েফ জানিয়েছেন, তেহরান ও সানার মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার বিষয়টি আইনত বৈধ এবং এর পরিধি আরও বাড়ানো হবে।

এদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি হুঁশিয়ারি দিয়েছেন যে, সৌদি ভূখণ্ডকে লক্ষ্য করে যেকোনো প্রচেষ্টার পাল্টা জবাব দেওয়া হবে।

এর বিপরীতে আনসারুল্লাহ নেতা জালাল আল-রোয়েইশান জানিয়েছেন, ইয়েমেন যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে এবং অবরোধ ভাঙতে তারা সব ধরনের কৌশল গ্রহণ করবে।

রাজনৈতিক বিশ্লেষক আবদুল্লাহ আল-নুআইমি সতর্ক করেছেন যে, সৌদি আরব নতুন কোনো যুদ্ধে জড়ালে তার নিয়ন্ত্রণ তাদের হাতে থাকবে না এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

এস এম/ ৬ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language