জাতীয়

আর্থিক কাঠামোর সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন অসম্ভব: আসিফ মাহমুদ

ময়মনসিংহ, ২১ মে – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আর্থিক কাঠামোর বড় ধরনের সংস্কার ছাড়া এত বিশাল আকারের বাজেট বাস্তবায়ন করা সম্ভব নয়। বর্তমান কর সক্ষমতা বিবেচনায় নিলে বাজেটের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের টাউন হল সংলগ্ন অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘

তারুণ্যের বাজেট ভাবনা ও গণভোট বাস্তবায়ন’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে জাতীয় ছাত্র শক্তি ময়মনসিংহ জেলা শাখা।

আসিফ মাহমুদ বলেন, নির্বাচন পরবর্তী সরকারের প্রথম বাজেটে জনগণের প্রত্যাশা ছিল রাষ্ট্রীয় সংস্কার ও কাঠামোগত পরিবর্তনের প্রতিফলন থাকবে। কিন্তু এখন পর্যন্ত সেই পরিকল্পনা দৃশ্যমান হয়নি। তিনি আরও বলেন, উচ্চ মূল্যস্ফীতি, কর্মসংস্থানের স্থবিরতা এবং রাজস্ব ঘাটতির মতো মৌলিক সংকট মোকাবিলায় বাজেটে কোনো সুস্পষ্ট রূপরেখা নেই। বরং ফ্যামিলি কার্ড ও খাল খননের মতো বিষয়গুলো নিয়েই সরকারের আলোচনা বেশি দেখা যাচ্ছে।

সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সংবিধানের ওপর তরুণ প্রজন্মের আর কোনো আস্থা নেই। পুরোনো ব্যবস্থার সুবিধাভোগীরা পরিবর্তনের পথ রোধ করতে চাইলেও জেনজি ও জেন আলফারা একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলবে।

সেমিনারে ছাত্র শক্তির তৃণমূল নেতাকর্মীরা শিক্ষা ও কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির দাবি জানান।

এনএন/ ২১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language