সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ

ঢাকা, ২০ মে – বাংলাদেশের বিপক্ষে টানা চার টেস্টে হারের পর উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তানের ক্রিকেট অঙ্গন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একের পর এক নেতিবাচক প্রশ্নে মেজাজ হারান পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক শান মাসুদ।
সংবাদ সম্মেলনের শুরুতেই শান মাসুদ জানিয়েছিলেন তিনি কেবল বর্তমান সিরিজ নিয়ে কথা বলবেন। তবে সাংবাদিকরা দলের গঠনতন্ত্র এবং সাবেক ক্রিকেটারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সাংবাদিকদের উদ্দেশ্যে শান মাসুদ বলেন যে আবেগ এক পাশে রেখে চিন্তা করা প্রয়োজন।
তিনি দাবি করেন এখানে আবেগের কোনো মূল্য নেই এবং তিনি কাউকে রক্ষা করতে বা কারও সমালোচনা করতে সেখানে উপস্থিত হননি। তার একমাত্র লক্ষ্য পাকিস্তান ক্রিকেটের উন্নতি। অধিনায়ক আরও বলেন যে দল যখন পরাজিত হয় তখন ব্যক্তিগত পারফরম্যান্স কোনো কাজে আসে না।
সেটি ৫ রান হোক বা ১০০ রান হোক সিরিজ জয় না আসলে তার কোনো গুরুত্ব থাকে না। তিনি আরও উল্লেখ করেন যে দলের ফলাফলের জন্য তারা ক্ষমাপ্রার্থী তবে সমালোচনার সময় আবেগী না হয়ে গঠনমূলকভাবে চিন্তা করার আহ্বান জানান। শান মাসুদের এমন রুদ্রমূর্তি পাকিস্তানি গণমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
এস এম/ ২০ মে ২০২৬









