জুন থেকে পাইপলাইনে চট্টগ্রাম-ঢাকা তেল সরবরাহ শুরু হবে

ঢাকা, ১৯ মে – চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত জ্বালানি তেলের পাইপলাইন নির্মাণের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী জুন মাসের শেষ নাগাদ এই পাইপলাইনের মাধ্যমে পুরোদমে তেল সরবরাহ শুরু হবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠকে এই তথ্য তুলে ধরা হয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
জ্বালানি খাতের বিদ্যমান পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সুপারিশসহ সংসদে প্রতিবেদন জমা দেওয়ার লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং হুইপ এ. বি. এম আশরাফ উদ্দিনসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া বিভিন্ন প্রকল্প এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে গৃহীত নীতিমালার বর্তমান চিত্র তুলে ধরা হয়।
বৈঠকে জানানো হয় যে ফিলিং স্টেশন স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা আধুনিকায়ন করার কাজ চলমান রয়েছে। এছাড়া গ্যাস বিপণন নিয়মাবলি ২০১৪ হালনাগাদ করে ২০২৬ সালের নতুন নিয়মাবলি প্রণয়ন করা হয়েছে।
দেশের চলমান জ্বালানি পরিস্থিতি নিয়ে পর্যালোচনার পাশাপাশি বিরোধী দলের সদস্যদের লিখিত পরামর্শ আহ্বান করা হয়েছে। কমিটি দ্রুততম সময়ে প্রয়োজনীয় সুপারিশসহ সংসদে রিপোর্ট প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
বৈঠকে সংশ্লিষ্ট বিভাগের সচিবগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এনএন/ ১৯ মে ২০২৬









