উত্তর আমেরিকা

২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইরানে ফের মার্কিন হামলার শঙ্কা

ওয়াশিংটন, ১৮ মে – আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র আবারও ইরানে সামরিক অভিযান শুরু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে দোহা ইনস্টিটিউট অব গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক মোহামাদ এলমাসরি এই শঙ্কার কথা জানিয়েছেন।

এলমাসরি উল্লেখ করেন যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে বহুমুখী চাপের মধ্যে রয়েছেন। বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ট্রাম্প প্রশাসনের কট্টরপন্থী নীতিনির্ধারকেরা ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তাকে প্ররোচিত করছেন।

এলমাসরির মতে, ট্রাম্প যেমনটা চেয়েছিলেন ইরান সেইভাবে আত্মসমর্পণ করেনি এবং আলোচনার প্রক্রিয়াও তার আশানুরূপ হয়নি। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের ফলাফলও ট্রাম্পের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে মনে করা হচ্ছে।

বর্তমান প্রেক্ষাপটে যুদ্ধ বন্ধ করাই ওয়াশিংটনের জন্য সবচেয়ে বাস্তবসম্মত হতে পারে কারণ এই সংঘাত রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে। তবে ট্রাম্প কোনও বড় বিজয় ঘোষণা না করে পিছু হটতে রাজি নন বলে মনে করেন এই বিশ্লেষক।

মধ্যপ্রাচ্যের চলমান এই অস্থিরতায় ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপ নিয়ে সারা বিশ্বে উদ্বেগ বাড়ছে। নতুন করে সামরিক সংঘাত শুরু হলে তা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

এস এম/ ১৮ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language