আইন-আদালত

রিজার্ভ চুরি মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ২ জুলাই

ঢাকা, ১৮ মে – বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২ জুলাই নতুন দিন ধার্য করেছেন আদালত। সোমবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল। তবে তদন্ত সংস্থা সিআইডি এদিন প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন এই সময় নির্ধারণ করেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। পরবর্তীতে এই অর্থ ফিলিপাইনে পাঠানো হয়েছিল। সংশ্লিষ্টদের ধারণা মতে, দেশের অভ্যন্তরের কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের এই বিপুল পরিমাণ অর্থ পাচার করেছে।

এই ঘটনার প্রেক্ষিতে একই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন। বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।

এস এম/ ১৮ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language