বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে নেইমারের অদ্ভুত বদলি ও বিতর্ক

ব্রাসিলিয়া, ১৮ মে – ব্রাজিলিয়ান লিগে ঘরের মাঠে কোরিতিবার কাছে সান্তোসের ৩-০ ব্যবধানের বড় হার—ফুটবল দুনিয়ায় এই খবরটি যতটুকু না আলোচনার জন্ম দিয়েছে, তার চেয়ে হাজার গুণ বেশি শোরগোল শুরু হয়েছে নেইমার জুনিয়রকে নিয়ে! তবে কোনো জাদুকরী গোল বা নান্দনিক ড্রিবলিংয়ের জন্য নয়, বরং ম্যাচ অফিশিয়ালদের এক ঐতিহাসিক ‘ব্লান্ডার’ বা ভুলের শিকার হয়ে ফুটবল ইতিহাসের অন্যতম অদ্ভুত ও হাস্যকর এক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। যা নিয়ে এখন ফেসবুক ও গুগল ডিসকভার ফিডে তোলপাড় চলছে।
রোববারের এই ম্যাচটি ছিল ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার ঠিক আগে নেইমারের জন্য নিজেকে প্রমাণের শেষ সুযোগগুলোর একটি। ২০২৩ সালের অক্টোবড়ে মারাত্মক এসিএল (ACL) ইনজুরিতে পড়ার পর থেকেই ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড নিজের চেনা ফিটনেস ফিরে পেতে লড়াই করছেন। সেলেসাওদের হেড কোচ কার্লো আনচেলত্তিকে এটা বোঝাতে তিনি গত এক বছরেরও বেশি সময় ধরে চেষ্টা করে যাচ্ছেন যে, জাতীয় দলে এখনও তার জাদু ফুরিয়ে যায়নি। আর এমন এক অগ্নিপরীক্ষার আবহেই আজ সোমবার দিবাগত রাতে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হবে।
ম্যাচের বয়স তখন ৬৫ মিনিট। কোরিতিবা ইতোমধ্যে ৩-০ গোলে এগিয়ে থেকে সান্তোসকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দিয়েছে। চোট কাটিয়ে ফর্মে ফেরার লড়াইয়ে থাকা নেইমারও ম্যাচে খুব একটা প্রভাব ফেলতে পারছিলেন না। ঠিক এমন সময় মাঠে দাঁড়িয়ে নিজের ডান পায়ের কাফে স্প্রে করাচ্ছিলেন দলের ডাক্তারকে দিয়ে।
তখন প্রধান রেফারি তাকে সাইডলাইনে গিয়ে চিকিৎসা নেওয়ার নির্দেশ দেন। কিন্তু এর কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে সেই অবিশ্বাস্য কাণ্ড! চতুর্থ রেফারি হুট করে বদলির ইলেকট্রনিক বোর্ডে ১০ নম্বর—অর্থাৎ নেইমারের জার্সি নম্বর দেখান এবং সান্তোসের আরেক খেলোয়াড় রবিনহো মাঠে নামার জন্য দৌড় দেন।
নেইমার পরে ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি জানতাম রবিনহো মাঠে নামবে, কিন্তু আমি বোর্ডের দিকে তাকাইনি। আমি বিন্দুমাত্র বুঝতেই পারিনি যে আমাকে বদলি করা হচ্ছে! এটা ম্যাচ কর্মকর্তাদের, বিশেষ করে বোর্ডে যিনি নম্বর দেখাচ্ছিলেন তাঁর এক মস্ত বড় ভুল।”
ঘটনা বেগতিক দেখে সান্তোসের কোচ কুকা এবং নেইমার নিজে তৎক্ষণাৎ চতুর্থ কর্মকর্তা ও প্রধান রেফারি পাওলো চেজার জানোভেল্লিকে জানান যে, আসলে বদলি হওয়ার কথা ছিল ৩১ নম্বর জার্সি পরা ডিফেন্ডার গনসালো এস্কোবারের, নেইমারের নয়!
কিন্তু মাঠে তখন বিশৃঙ্খল পরিস্থিতি। অফিশিয়ালদের এমন ভুল বদলি মেনে নিতে অস্বীকৃতি জানানো এবং মাঠে দাঁড়িয়ে তর্ক করার অপরাধে উল্টো নেইমারকেই হলুদ কার্ড দেখিয়ে বসেন প্রধান রেফারি! মেজাজ হারিয়ে ম্যাচ চলাকালীনই নেইমার অফিশিয়াল বদলির মূল কাগজটি (Substitution Slip) টেনে নিয়ে সরাসরি মাঠের ব্রডকাস্ট ক্যামেরার সামনে তুলে ধরেন। সেখানে স্পষ্ট লেখা ছিল—১০ নম্বরের বদলে ৩১ নম্বর এস্কোবারই মাঠের বাইরে যাবেন।
ম্যাচ শেষে সান্তোস কোচ কুকা অফিশিয়ালদের ধুয়ে দিয়ে বলেন, “হ্যাঁ, এটা পুরোপুরি চতুর্থ কর্মকর্তার ভুল ছিল। তবে এই ভুলের অজুহাতে আমরা ম্যাচ হেরেছি—এমন কথা বলা ঠিক হবে না।” বিশ্বকাপের দল ঘোষণার ঠিক আগ মুহূর্তে এমন নাটকীয় ও অনাকাঙ্ক্ষিত ঘটনা নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলে কি না, এখন সেটাই দেখার বিষয়।
এনএন/ ১৮ মে ২০২৬









