সৌদি আরবে শ্রম আইন লঙ্ঘনে ৭ হাজার ২০০ ওয়ার্ক ভিসা বাতিল

রিয়াদ, ১৬ মে – শ্রম আইন লঙ্ঘনের দায়ে সাত হাজার ২০০টিরও বেশি ওয়ার্ক ভিসা বাতিল করেছে সৌদি আরব। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভিসা বাতিলের পাশাপাশি অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
আইন লঙ্ঘনকারী এসব প্রতিষ্ঠানের সরকারি পরিষেবা এরই মধ্যে স্থগিত করেছে কর্তৃপক্ষ। মন্ত্রণালয় আরও জানিয়েছে, তাদের বিশেষ পর্যবেক্ষণ দল এবং স্মার্ট নজরদারি ব্যবস্থার মাধ্যমে প্রায় ৯১ হাজার সন্দেহজনক ঘটনা খতিয়ে দেখা হয়েছে।
এর মধ্যে অবৈধ কর্মসংস্থান সম্পর্কিত ১৩ হাজার ৫০৯টি মামলায় সুনির্দিষ্ট আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। আইন ভঙ্গকারী প্রতিষ্ঠানগুলোকে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনা হয়েছে।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো,
- অভিযুক্তদের নিতাকাত কর্মসূচি থেকে বাদ দেওয়া।
- এছাড়া ক্ষতিগ্রস্ত শ্রমিকদের বৈধ কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে তাদের মানবসম্পদ উন্নয়ন তহবিলের বা হাদাফ এর অধীনে পাঠানো হয়েছে।
- ২০২৬ সালের প্রথম ত্রৈমাসিকে বেসরকারি খাতের নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোতে পরিদর্শনের সময় প্রায় ১ লাখ ৬৮ হাজার অনিয়ম ধরা পড়েছে।
ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ২ লাখ ৩০ হাজার সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং নিয়োগ কার্যালয়গুলোতে ৩৫২২টি আইন লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। অন্যদিকে অবৈধ গৃহকর্মী সেবা সংক্রান্ত প্রচার চালানোর অপরাধে সামাজিক যোগাযোগ মাধ্যমের ২৩৮টি অ্যাকাউন্টের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। মানবপাচার প্রতিরোধের অংশ হিসেবে কর্তৃপক্ষ প্রায় ৫৪ হাজার আগাম পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করেছে।
এস এম/ ১৬ মে ২০২৬









