ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে রাস্তার পাশ থেকে এসএসসি পরীক্ষার ৫০টি খাতা উদ্ধার

ঠাকুরগাঁও, ১৫ মে – ঠাকুরগাঁও শহরের জেলা স্কুলের বড় মাঠসংলগ্ন রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রায় ৫০টি উত্তরপত্র উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সড়কের ওপর খাতাগুলো পড়ে থাকতে দেখে এক স্থানীয় যুবক পুলিশকে খবর দিলে এগুলো উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাতে জানা যায়, রাতে জেলা স্কুলের বড় মাঠের পশ্চিম পাশের সড়ক দিয়ে যাওয়ার সময় জনৈক যুবকের নজরে বিক্ষিপ্তভাবে পড়ে থাকা খাতাগুলো আসে। উত্তরপত্রগুলোর গুরুত্ব অনুধাবন করে তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খাতাগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।

গুরুত্বপূর্ণ এই সরকারি নথিপত্র কীভাবে জনবহুল রাস্তার ওপর এলো, তা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঠাকুরগাঁও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. খোদাদাদ হোসেন এই খাতা উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জনৈক ব্যক্তির তথ্যের ভিত্তিতে পুলিশ ৫০টি উত্তরপত্র হেফাজতে নিয়েছে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, উত্তরপত্রগুলোর দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি শিক্ষা অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। খাতাগুলো হারানো যাওয়ার পেছনে কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্তের পর জানা যাবে।

এস এম/ ১৫ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language