ঠাকুরগাঁও

এটিই হতে পারে আমার শেষ নির্বাচন: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও, ২০ মে – বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটিই সম্ভবত আমার জীবনের শেষ নির্বাচন হতে পারে। ইতিপূর্বে আপনাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। বুধবার সকালে ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের ছাদ ঢালাই অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

ঠাকুরগাঁওবাসীর উদ্দেশে তিনি বলেন,

আমি এই জনপদের সন্তান এবং আপনারা সবসময় আমাকে দোয়া ও সমর্থন দিয়ে এসেছেন। আপনাদের ভালোবাসার প্রতিদান হিসেবে আমি এই এলাকার উন্নয়নে সবসময় সচেষ্ট ছিলাম। তিনি আরও বলেন, সদর উপজেলাকে বিভাজন করে আরও দুটি নতুন উপজেলা গঠনের চূড়ান্ত অনুমতি পাওয়া গেছে।

এছাড়া দীর্ঘ প্রতীক্ষিত পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের কাজও অনুমোদিত হয়েছে। আশা করা যাচ্ছে, খুব দ্রুতই এসব উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হবে। সেই সঙ্গে ঠাকুরগাঁওয়ে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

এ সময় মসজিদ নির্মাণে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

এস এম/ ২০ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language