ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৩ মে – পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য হিসেবে বুধবার শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম এবং কলকাতার ভবানীপুর এই দুটি আসন থেকেই তিনি জয়ী হয়েছিলেন। তবে এদিন তিনি ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ পাঠ করেন। উল্লেখ্য যে এই ভবানীপুর আসন থেকেই মমতা ব্যানার্জী ইতিপূর্বে তিনবার জয়ী হয়ে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন।
সংসদীয় নিয়ম অনুযায়ী বিজয়ী প্রার্থীকে দুটি আসনের মধ্যে যেকোনো একটি পদ থেকে পদত্যাগ করতে হয়। শুভেন্দু অধিকারী এখনও নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি।
তিনি জানান যে তিনি ভবানীপুর থেকে শপথ নিলেও নন্দীগ্রাম কেন্দ্রের উন্নয়নের বিষয়টি নিয়মিত তদারকি চালিয়ে যাবেন। এদিন অন্যান্য নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠানও সম্পন্ন হয়েছে।
তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন,
- দিলীপ ঘোষ,
- অগ্নিমিত্রা পাল,
- ক্ষুদিরাম টুডু,
- নিশীথ প্রামাণিক এবং
- অশোক কীর্তনিয়া।
বৃহস্পতিবার আরও কয়েকজন বিধায়কের শপথ নেওয়ার কথা রয়েছে। এর আগে মঙ্গলবার রাজ্যপাল আরএন রভি বিজেপি বিধায়ক তাপস রায়কে প্রোটেম স্পিকার হিসেবে শপথ পাঠ করান। লোকভবনে আয়োজিত সেই অনুষ্ঠানে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। বিধানসভার রীতি অনুযায়ী প্রোটেম স্পিকারই নতুন বিধায়কদের শপথ বাক্য পাঠ করান।
এস এম/ ১৩ মে ২০২৬









