ব্রাজিলে বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা তৈরির ধুম, ২০২৬ আসর ঘিরে কারিগরদের ব্যস্ততা

ব্রাসিলিয়া, ১২ মে – ব্রাজিলের রিও ডি জেনেইরোতে নিজের কারখানায় ফুটবল বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা তৈরি করছেন কারিগর জারবাস মেনেঘিনি। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে তিনি এখন ব্যস্ত সময় পার করছেন। মেনেঘিনির দাবি অনুযায়ী, এ পর্যন্ত তিনি প্লাস্টার দিয়ে প্রায় তিন হাজার নকল ট্রফি তৈরি করেছেন, যা আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়েছে।
আসন্ন আসরে ব্রাজিল ষষ্ঠবারের মতো শিরোপা জিতে ঘরে ফিরবে এমনটাই প্রত্যাশা এই কারিগরের। ব্রাজিল সর্বশেষ ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিল। এরপর ২০১৪ সালে ঘরের মাঠে সেমিফাইনালে উঠলেও জার্মানির কাছে পরাজিত হয়ে বিদায় নিতে হয়। বাকি আসরগুলোতে কোয়ার্টার ফাইনালের বেশি এগোতে পারেনি সেলেসাওরা। তবে আগামী বিশ্বকাপে কার্লো আনচেলত্তির অধীনে দল ভালো কিছু করবে বলে আশাবাদী ভক্তরা।
এই প্রত্যাশাকে ঘিরেই বাড়ছে ট্রফির রেপ্লিকা তৈরির চাহিদা। ৫৮ বছর বয়সী মেনেঘিনি জানান, ১৯৯৪ সালে ব্রাজিল অধিনায়ক ডুঙ্গার ট্রফি উঁচিয়ে ধরার দৃশ্য দেখেই তার মনে এই ব্যবসার ভাবনা আসে। তখন বাজারে কোনো নকল ট্রফি না পেয়ে তিনি নিজের কারিগরি দক্ষতা কাজে লাগিয়ে এটি তৈরির সিদ্ধান্ত নেন। বর্তমানে তিনি বিশ্বের ১৭টি দেশে হাতে তৈরি এই প্লাস্টার ট্রফি রপ্তানি করেন।
রিওর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামের পাশে পর্যটক ও স্থানীয় সমর্থকদের কাছেও এগুলো বেশ জনপ্রিয়। প্রতিটি বিশ্বকাপ চক্রে সমর্থকদের মধ্যে নতুন আশা তৈরি হয় এবং সেই সাথে বাড়ে ট্রফি উৎপাদনের হার। অন্যান্য আসরের তুলনায় এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা বাড়িয়েছেন মেনেঘিনি।
সাধারণত প্রতিটি বিশ্বকাপে ১০০ থেকে ২০০টি রেপ্লিকা বানালেও ২০২৬ আসরের আগে ৬০০টি ট্রফি তৈরির লক্ষ্য স্থির করেছেন তিনি। ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হতে যাওয়া বিশ্বকাপের ২৩তম আসরে ব্রাজিল আবারও বিশ্বজয়ের গৌরব অর্জন করবে বলে বিশ্বাস এই কারিগরের।
এস এম/ ১২ মে ২০২৬









