মুন্সিগঞ্জ
মুন্সীগঞ্জে শাহ সিমেন্টের জেটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মুন্সীগঞ্জ, ১২ মে – মুন্সীগঞ্জ সদর উপজেলার পশ্চিম মুক্তারপুর এলাকায় শাহ সিমেন্ট ফ্যাক্টরির জেটিতে কাজ করার সময় শীতলক্ষ্যা নদীতে পড়ে এক শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম উজ্জ্বল, যার বয়স ১৯ বছর।
তিনি ঝালকাঠি জেলার রামপুর গ্রামের প্রকাশের ছেলে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে যে সিমেন্ট ফ্যাক্টরির জেটিতে বাল্কহেড থেকে মালামাল নামানোর কাজ শেষে উপরে ওঠার সময় পা পিছলে নদীতে পড়ে যান উজ্জ্বল।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান যে খবর পাওয়ার সাথে সাথে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়।
দীর্ঘ তল্লাশির পর নদীর প্রায় ৪০ ফুট গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি কার্যক্রম সম্পন্নের লক্ষ্যে মরদেহটি নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এস এম/ ১২ মে ২০২৬









