এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় পিকআপের যাত্রীসহ আহত বেশ কয়েকজন

মুন্সিগঞ্জ, ২৭ মে – মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় এক্সপ্রেসওয়ের কামারখোলা ব্রীজ সংলগ্ন এলাকায় বাসের ধাক্কায় একটি পিকআপ ভ্যানের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। বুধবার ভোরে মাওয়ামুখী লেনে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর থেকে আসবাবপত্র নিয়ে পিরোজপুরের উদ্দেশ্যে যাচ্ছিল পিকআপটি।
পথিমধ্যে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক গাড়িটি রাস্তার বাম পাশে থামিয়ে মেরামত করছিলেন। এ সময় মিরপুর থেকে বরগুনাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পিকআপটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।
এই দুর্ঘটনায় পিকআপে থাকা যাত্রী ও বাসের সামনের দিকে থাকা বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। আহতদের মধ্যে পিরোজপুরের বাসিন্দা সুমন মৃধা ও পিকআপ চালক ফুরকান ইসলামের নাম পরিচয় জানা গেছে।
দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান মোহাম্মদ আজাদ জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধার কাজ শুরু করা হয় এবং বর্তমানে যান চলাচল সচল রয়েছে।
এস এম/ ২৭ মে ২০২৬









