জাতীয়

মানবাধিকার সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়া গেলেন আসিফ মাহমুদ

ঢাকা, ১১ মে – আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়া সফরে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গত রোববার ১০ মে রাতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে ২০২৬ বিশ্ব মানবাধিকার শহর ফোরামের সম্মেলনটি অনুষ্ঠিত হবে। সফরকালে আসিফ মাহমুদ আন্তর্জাতিক মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণ সংক্রান্ত বিভিন্ন সেশনে অংশ নেবেন। পাশাপাশি দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করে তাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রবাসী সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করবেন।

এছাড়া এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত একাধিক সাংগঠনিক সভা, প্রতিনিধি বৈঠক এবং কমিউনিটি সংযোগমূলক কার্যক্রমেও তিনি অংশ নেবেন।

এদিকে আসিফ মাহমুদের এই সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছে বা তিনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন বলে কিছু গুজব ছড়িয়ে পড়েছিল। তবে তার এই নির্ধারিত সফর শেষে আগামী ১৯ মে রাতে দেশে ফেরার কথা রয়েছে।

এস এম/ ১১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language