জাতীয়

পুলিশের পদোন্নতি বঞ্চনা নিরসন ও ওভারটাইম ভাতার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকা, ১০ মে – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের আর্থিক সংগতি ও সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে। তিনি বলেন কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত পদোন্নতি বঞ্চনার নিরসনে অনারারি পদোন্নতি এবং পুলিশিং কার্যক্রমকে আরো গতিশীল ও কার্যকর করতে অতিরিক্ত কর্মঘণ্টায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য বিশেষ নীতিমালার ভিত্তিতে ওভারটাইম ভাতা দেওয়ার কথা ভাবছে সরকার।

রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে পুলিশ সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। স্বাগত বক্তৃতা করেন আইজিপি মো. আলী হোসেন ফকির। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম।

কল্যাণ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বর্তমানে অনেক পুলিশ কনস্টেবল ৪০ বছর চাকরি করে অবসর গ্রহণ করেও পরবর্তী পদোন্নতি পান না। সেজন্য বিশেষ নীতিমালা ও সন্তোষজনক চাকরির রেকর্ড বিবেচনায় অবসরকালীন সময়ে কিছু সংখ্যক পুলিশ সদস্যকে কনস্টেবল থেকে অনারারি সহকারী উপ পরিদর্শক পদে এবং সহকারী উপ পরিদর্শক থেকে অনারারি উপ পরিদর্শক পদে এবং উপ পরিদর্শক থেকে অনারারি পরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হবে।

মন্ত্রী আরো বলেন পুলিশিং কার্যক্রমকে আরো গতিশীল ও কার্যকর করতে অতিরিক্ত কর্মঘণ্টায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য বিশেষ নীতিমালার ভিত্তিতে ওভারটাইম ভাতা দেওয়ার কথা ভাবছে সরকার যা তাদের মনোবল বৃদ্ধি ও সেবার মান উন্নয়নে সহায়ক হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন দীর্ঘ কর্মঘণ্টা ও অধিক কর্ম চাপ বিবেচনায় পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালকে সুযোগ সুবিধা বৃদ্ধি করে আরো আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা হবে।

মন্ত্রী বলেন পুলিশের বিভিন্ন ইউনিটের ভবন ও আবাসন সমস্যা দূর করতে বর্তমান সরকার আন্তরিক। বিগত দুই মাসে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। সালাহউদ্দিন আহমদ বলেন মব কালচার পুরোপুরি বন্ধ করার লক্ষ্যে বিদ্যমান আইনকে সংশোধন ও সংযোজন করে যুগোপযোগী করা হবে।

এস এম/ ১০ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language