মার্কিন অবকাঠামোতে শক্তিশালী হামলার হুঁশিয়ারি দিল ইরান

তেহরান, ১০ মে – ইরানের পার্লামেন্টের বৈদেশিক নীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছেন, তেহরানের দীর্ঘদিনের ধৈর্য ও সংযমের সময় শেষ হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যদি ইরানের কোনো ট্যাংকার বা জাহাজে হামলা চালানো হয়, তবে পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন অবকাঠামো লক্ষ্য করে শক্তিশালী আক্রমণ চালানো হবে।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইব্রাহিম রেজাই উল্লেখ করেন যে, ইরানি জাহাজের বিরুদ্ধে যেকোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের কঠোর জবাব দেওয়া হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের স্বার্থের সময় ফুরিয়ে আসছে এবং ওয়াশিংটনের উচিত হবে না কোনো হঠকারী সিদ্ধান্তে জড়িয়ে পড়া।
বর্তমান আঞ্চলিক বাস্তবতার সাথে খাপ খাইয়ে নেওয়ার পাশাপাশি পরাজয় স্বীকার করে নেওয়াকে তিনি মার্কিন প্রশাসনের জন্য সর্বোত্তম পথ হিসেবে বর্ণনা করেন। এদিকে ইরানের সামরিক মুখপাত্র আক্রামি নিয়া জানিয়েছেন, যে সব দেশ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অবরোধের প্রচেষ্টায় যুক্ত হবে, তাদের কোনো জাহাজকে এই গুরুত্বপূর্ণ জলসীমায় প্রবেশ করতে দেওয়া হবে না।
উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছিল। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, যা বর্তমানেও অব্যাহত রয়েছে।
এস এম/ ১০ মে ২০২৬









