মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালীতে জাহাজে আগুন, ভারতীয় নাবিকের মৃত্যু

তেহরান, ৯ মে – হরমুজ প্রণালীর কাছে একটি কাঠের নৌযানে অগ্নিকাণ্ডের ঘটনায় এক ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও চারজন নাবিক আহত হয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। জানা গেছে, ক্ষতিগ্রস্ত ওই নৌযানটিতে মোট ১৮ জন ভারতীয় ক্রু ছিলেন। অগ্নিকাণ্ডের পর পাশ দিয়ে যাওয়া অন্য একটি জাহাজ তাদের উদ্ধার করতে সক্ষম হয়।

তবে আগুনের প্রকৃত কারণ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। আহত নাবিকদের বর্তমানে দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। দুবাইয়ে অবস্থিত ভারতীয় কনস্যুলেট সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে জানিয়েছে, তাদের কর্মকর্তারা উদ্ধারকৃত নাবিকদের সঙ্গে দেখা করেছেন। কনস্যুলেটের পক্ষ থেকে বলা হয়েছে, তারা নিয়মিতভাবে নৌযানটির মালিকের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের চেষ্টা করছেন।

এর আগে এক শোকবার্তায় কনস্যুলেট জানিয়েছিল, সমুদ্রে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় ভারতীয় ক্রুর মর্মান্তিক মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘটনাটি ঘটলো। উল্লেখ্য, বিশ্বের মোট তেল রপ্তানির প্রায় ২০ শতাংশ এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়।

গত শুক্রবার এই এলাকায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটে। এর ফলে দুই দেশের মধ্যে মাসব্যাপী চলা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি আবারও ঝুঁকির মুখে পড়েছে। ইরানের অভিযোগ অনুযায়ী, যুক্তরাষ্ট্র প্রথমে দুটি জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং বেসামরিক এলাকায় আঘাত হেনেছে।

অন্যদিকে ওয়াশিংটন দাবি করেছে, তারা ইরানি হামলার পাল্টা জবাব হিসেবে গুলি চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘর্ষকে হালকাভাবে বর্ণনা করে একে লাভ ট্যাপ হিসেবে অভিহিত করেছেন। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধ এড়াতে ইরানকে নতুন করে সমঝোতায় আসতে হবে, অন্যথায় দেশটিকে আবারও কঠোর সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে।

এস এম/ ৯ মে ২০২৬


Back to top button