লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩

চট্রগ্রাম, ৯ মে – চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই রেহেনা বেগম নামে ৬০ বছর বয়সী এক নারী প্রাণ হারান।
তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার পাচুরিয়া এলাকার বদিউল আলমের স্ত্রী। স্থানীয়রা জানান, গুরুতর আহত অবস্থায় আরও বেশ কয়েকজনকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান। তাৎক্ষণিকভাবে নিহত অন্য দুই ব্যক্তি ও আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার ফিরোজ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পুলিশ নিহতদের মরদেহ হস্তান্তরের আইনি প্রক্রিয়া শুরু করেছে।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী বেপরোয়া গতির কারণে মারসা পরিবহনের দুটি বাসের মধ্যে এই মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাস দুটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
এস এম/ ৯ মে ২০২৬









