পুষ্পা ২ এর প্রিমিয়ারে পদদলিত আহতের পাশে আল্লু অর্জুনের পরিবার

চেন্নাই, ৭ মে – দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে অনাকাঙ্ক্ষিত পদদলিত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে অভিনেতার পরিবার। সেই দুর্ঘটনায় রেবতী নামে এক নারী প্রাণ হারান এবং তার নয় বছর বয়সী ছেলে শ্রী তেজ গুরুতর আহত হয়। সম্প্রতি চিকিৎসাধীন শ্রী তেজের স্বাস্থ্যের খোঁজ নিতে তার সঙ্গে দেখা করেছেন আল্লু অর্জুনের বাবা ও প্রখ্যাত প্রযোজক আল্লু অরবিন্দ এবং অভিনেতার স্ত্রী স্নেহা রেড্ডি।
সাক্ষাৎকালে আল্লু অরবিন্দ ও স্নেহা রেড্ডি শ্রী তেজের শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন এবং তার পরিবারের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান। তারা শিশুটির দ্রুত সুস্থতার জন্য পরিবারের প্রতি নিরবচ্ছিন্ন সমর্থনের আশ্বাস দেন। এছাড়া মানবিক দিক বিবেচনা করে শ্রী তেজের ছোট বোনের পড়াশোনার সমস্ত ব্যয়ভার বহনেরও প্রতিশ্রুতি দিয়েছেন আল্লু অরবিন্দ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সাক্ষাতের ভিডিওটি বর্তমানে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।
উল্লেখ্য যে ২০২৪ সালের ৪ ডিসেম্বর হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারের বাইরে পুষ্পা ২ এর প্রিমিয়ার চলাকালীন এই পদদলিত হওয়ার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শ্রী তেজকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছিল। দীর্ঘ সময় অচেতন থাকার পর তার শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা ও স্নায়বিক জটিলতা দেখা দেয় যার জন্য তাকে কয়েক সপ্তাহ ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়।
প্রায় পাঁচ মাস নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকার পর গত বছরের এপ্রিলে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হলেও বর্তমানে একটি পুনর্বাসন কেন্দ্রে তার চিকিৎসা চলছে। এই ঘটনায় দায়ের করা মামলায় আল্লু অর্জুনকে পুলিশ গ্রেপ্তার করার পর তিনি জামিন পান। তবে সম্প্রতি পুলিশের পক্ষ থেকে আদালতে জমা দেওয়া চার্জশীটে সুপারস্টার আল্লু অর্জুনসহ আরও ২৩ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এস এম/ ৭ মে ২০২৬









