রপ্তানি হ্রাস ও আমদানি বৃদ্ধিতে ১৯ বিলিয়ন ডলারের বড় বাণিজ্য ঘাটতি

ঢাকা, ৬ মে – চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে দেশের পণ্য বাণিজ্যে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। রপ্তানি আয় হ্রাসের বিপরীতে আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেনের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী জুলাই থেকে মার্চ পর্যন্ত ৯ মাসে পণ্য বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৯১৭ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে এই ঘাটতির পরিমাণ ছিল ১৫৪৫ কোটি ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যায় এই সময়ের মধ্যে বাংলাদেশ ৫১৫৬ কোটি ডলারের বিভিন্ন পণ্য আমদানি করেছে। এটি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ বেশি।
অন্যদিকে একই সময়ে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৩২৩৮ কোটি ডলার যা গত বছরের তুলনায় ১ দশমিক ১ শতাংশ কম।
মূলত বিশ্ববাজারে জ্বালানি এবং কাঁচামালের মূল্য বৃদ্ধি ও অভ্যন্তরীণ চাহিদার কারণে আমদানির ওপর চাপ বেড়েছে। তবে বাণিজ্য ঘাটতি বাড়লেও প্রবাসী আয়ে ইতিবাচক ধারা লক্ষ্য করা গেছে।
অর্থবছরের প্রথম ৯ মাসে প্রবাসীরা ২৬২০ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। এটি আগের বছরের তুলনায় ২০ দশমিক ৩ শতাংশ বেশি। এছাড়া সামগ্রিক লেনেদেনেও বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। এই সূচকে ৩৬৫ কোটি ডলারের উদ্বৃত্ত দেখা গেছে যা গত বছর একই সময়ে ঋণাত্মক ছিল।
প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআইয়ের ক্ষেত্রে কিছুটা পতন লক্ষ্য করা গেছে। চলতি অর্থবছরের ৯ মাসে দেশে ১০০ কোটি ডলারের বিনিয়োগ এসেছে যা গত বছরের তুলনায় ৩১ কোটি ডলার কম। একই সময়ে শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগও নেতিবাচক অবস্থায় রয়েছে।
পুঁজিবাজার থেকে নিট ১০ কোটি ৭০ লাখ ডলারের বিনিয়োগ চলে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এনএন/ ৬ মে ২০২৬









