দেশের ১২ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

রংপুর, ৬ মে – দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বুধবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
ঝড়ো হাওয়ার পাশাপাশি এসব এলাকায় প্রবল বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোতে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
এস এম/ ৬ মে ২০২৬









