আইন-আদালত

সংরক্ষিত নারী আসনে মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল প্রশ্নে হাইকোর্টের রুল

ঢাকা, ৬ মে – ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। একই সঙ্গে আদালত নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে এই রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

এর আগে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের শুনানি শেষে আদেশের জন্য আজকের দিনটি ধার্য ছিল। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান ও আইনজীবী মোহাম্মদ মুজাহিদুল ইসলাম শাহীন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং তার সাথে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাসেদুল ইসলাম জনি।

উল্লেখ্য যে এর আগে একই রিট আবেদনটি শুনতে অপারগতা প্রকাশ করেছিলেন বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের একটি বেঞ্চ। আদালত সূত্রে জানা গেছে আবেদনকারী ও বিচারপতির বাড়ি একই সংসদীয় এলাকায় হওয়ার কারণে নৈতিক দিক বিবেচনা করে মামলাটির শুনানি থেকে সরে দাঁড়ান বিচারপতি আহমেদ সোহেল। পরবর্তীতে আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়ে নতুন এই বেঞ্চে পাঠানো হয়েছিল।

ঘটনার বিবরণ অনুযায়ী গত ২৩ এপ্রিল সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেন। বাতিলের কারণ হিসেবে জানানো হয়েছিল যে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অনুযায়ী সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর পূর্ণ না হওয়ায় তিনি নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য। এই সিদ্ধান্তের বিরুদ্ধে গত ২৬ এপ্রিল নির্বাচন কমিশনে আপিল করেন মনিরা শারমিন। সেখানে আপিল খারিজ হওয়ার পর ৩০ এপ্রিল তিনি হাইকোর্টে রিট আবেদন দাখিল করেন।

এস এম/ ৬ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language