রাজধানীর এক মামলায় সাবেক মন্ত্রী দীপু মনির জামিন, সাত মামলায় হাইকোর্টের রুল

ঢাকা, ৯ জুন – রাজধানীর পল্টন থানায় দায়ের করা মারধরের একটি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। তবে হত্যার অভিযোগে বিভিন্ন থানায় করা আরও সাতটি মামলায় কেন তাকে জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি খায়রুল আলম ও বিচারপতি একেএম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিশেষ শুনানি শেষে এই আদেশ দেন। আদালতে দীপু মনির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী রমজান আলী শিকদার।
আদেশের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী রমজান আলী শিকদার জানান, মোট আটটি মামলায় হাইকোর্টে ডা. দীপু মনির জামিন আবেদন করা হয়েছিল। এর মধ্যে পল্টন থানার মারধরের মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে।
অন্যদিকে তেজগাঁও, বাড্ডা ও যাত্রাবাড়ী থানায় দায়ের করা সাতটি হত্যা মামলায় রুল জারি করেছেন আদালত।
বর্তমানে তার বিরুদ্ধে মোট ৩৮টি মামলার তথ্য রয়েছে। এর মধ্যে দুটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। বাকি মামলাগুলোর মধ্যে ১৩টিতে জামিনের প্রশ্নে রুল এবং দুইটিতে রুলসহ জামিন পেয়েছেন তিনি।
ডা. দীপু মনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ১৯ আগস্ট রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছিল।
তার বিরুদ্ধে হত্যা, দুর্নীতি এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রায় ৩৮টির বেশি মামলা করা হয়েছে। চিকিৎসা ও আইন বিষয়ে ডিগ্রিধারী এই নেত্রী বর্তমানে কারাগারে রয়েছেন।
এনএন/ ৯ জুন ২০২৬









