পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: হাইকোর্টে পৌঁছাল দম্পতির ডেথ রেফারেন্স

ঢাকা, ৯ জুন – রাজধানীর পল্লবীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স নথিপত্র হাইকোর্টে এসে পৌঁছেছে।
মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই নথিপত্র জমা দেওয়া হয়। বিচারকের স্বাক্ষরের পর মামলার নথিপত্র উচ্চ আদালতে পাঠানো হয়।
রায়ের পূর্ণাঙ্গ কপি ও আসামিদের ডেথ রেফারেন্সসহ মোট ৭২ পৃষ্ঠার নথি এখন উচ্চ আদালতের বিবেচনাধীন।
এর আগে গত ৭ জুন মামলার বিচারক মাসরুর সালেকীন অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। রায়ে সোহেল রানাকে পাঁচ লাখ ও স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জরিমানার এই অর্থ ভুক্তভোগী শিশুর আইনগত উত্তরাধিকারীদের প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত। যদি আসামিরা জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হন, তবে তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক ও বিক্রয় করে তা পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
দেশের বিচারিক ইতিহাসে এই মামলার রায়কে দ্রুততম সময়ে দেওয়া রায় হিসেবে অভিহিত করা হয়েছে। তবে আইন অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকরের জন্য উচ্চ আদালতের অনুমোদন প্রয়োজন।
ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে এই সাজা কার্যকর হবে। এছাড়া নিয়ম অনুযায়ী আসামিরা এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন।
এনএন/ ৯ জুন ২০২৬









