ইউরোপ

গোয়েন্দাগিরির অভিযোগে ৩ রুশ কূটনীতিককে বহিষ্কার করল অস্ট্রিয়া

ভিয়েনা, ৫ মে – অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় রুশ কূটনৈতিক মিশনের ছাদে বিশেষ অ্যান্টেনা বসিয়ে তথ্য চুরির অভিযোগে তিন রুশ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। স্নায়ুযুদ্ধের সময় থেকেই গোয়েন্দা তৎপরতার কেন্দ্র হিসেবে পরিচিত ভিয়েনায় অবৈধভাবে তথ্য সংগ্রহের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার পর এই ব্যবস্থা নেওয়া হয়।

অস্ট্রিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ওআরএফের প্রতিবেদনে জানানো হয়েছে যে ভিয়েনায় রুশ ভবনের ছাদে স্থাপিত সন্দেহজনক সরঞ্জামগুলো আন্তর্জাতিক সংস্থাগুলোর স্যাটেলাইট যোগাযোগে আড়িপাতার কাজে ব্যবহৃত হচ্ছিল। এই তিন কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের স্বার্থে কূটনৈতিক দায়মুক্তি প্রত্যাহারের অনুরোধ করা হলেও মস্কো কোনো সাড়া দেয়নি।

ফলে অস্ট্রিয়া সরকার তাদের পারসোনা নন গ্রাটা ঘোষণা করে এবং বহিষ্কৃত কর্মকর্তারা ইতিমধ্যে অস্ট্রিয়া ত্যাগ করেছেন। অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী বিয়াট মেইনল-রাইসিংগার এক বিবৃতিতে জানান যে কূটনৈতিক সুযোগ ব্যবহার করে গোয়েন্দাগিরি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ভিয়েনায় রুশ তৎপরতা কঠোর নজরদারিতে রাখা হয়েছে এবং ২০২২ সাল থেকে এ পর্যন্ত মোট ১৪ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। যদিও এখনো প্রায় ২২০ জন রুশ কর্মী সেখানে বিভিন্ন মিশনে দায়িত্ব পালন করছেন।

এস এম/ ৫ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language