পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গে জয়ের পথে বিজেপি: রাজ্যে রাম রাজত্ব এসেছে বললেন সুকান্ত মজুমদার

কলকাতা, ৪ মে – পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বড় ব্যবধানে এগিয়ে থেকে সরকার গঠনের পথে রয়েছে বিজেপি। বর্তমান প্রবণতা অনুযায়ী, ২৯৪টি আসনের মধ্যে বিজেপি ১৯২টিতে এগিয়ে রয়েছে। অন্যদিকে, বর্তমান ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ৯৪টি আসনে। ভোট গণনা এখনও পুরোপুরি শেষ না হলেও বিজেপি প্রথমবারের মতো এই রাজ্যে সরকার গঠন করবে বলে জোরালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বার্তাসংস্থা এএনআইকে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলেন, ভোট গণনার প্রাথমিক তথ্য নিশ্চিত করছে যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করতে যাচ্ছে। তিনি মন্তব্য করেন যে এই জয়ের মধ্য দিয়ে রাজ্যে রাম রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে। নির্বাচনী ফলাফলের এই প্রবণতা স্পষ্ট হতেই বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

কলকাতার রাজ্য বিজেপি দপ্তরের সামনে সমর্থকদের মিষ্টি মুখ এবং একে অপরকে আবির মাখিয়ে বিজয় উদযাপন করতে দেখা গেছে। নির্বাচনী লড়াইয়ে সবার বিশেষ নজর রয়েছে ভবানীপুর কেন্দ্রের দিকে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এছাড়াও তৃণমূলের তারকা প্রার্থীদের মধ্যে ফিরহাদ হাকিম, দেবাশীষ কুমার, নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, শশী পাঁজা এবং মধুপর্ণা ঠাকুরের ফলাফলের দিকে তাকিয়ে আছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিজেপি প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন রুদ্রনীল ঘোষ, অগ্নিমিত্রা পাল, অর্জুন সিং এবং তরুণজ্যোতি তিওয়ারি। এছাড়াও আর জি কর হাসপাতালে নিহত ছাত্রীর মা রত্না দেবনাথের ফলাফলের প্রতি সাধারণ মানুষের বিশেষ আগ্রহ দেখা গেছে।

বাম ও অন্যান্য দলের প্রার্থীদের মধ্যে মীনাক্ষী মুখোপাধ্যায়, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সায়নদীপ মিত্রের অবস্থান নিয়ে জল্পনা চলছে। কংগ্রেসের পক্ষ থেকে অধীর চৌধুরী ও মৌসুম বেনজীর নূরের মতো প্রার্থীদের ফলাফলের অপেক্ষায় রয়েছেন রাজনৈতিক সচেতন মহল।

এস এম/ ৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language