দেশে গঠিত হবে স্বাধীন গণমাধ্যম কমিশন: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

ঢাকা, ৩ মে – গণমাধ্যম বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি পরামর্শ কমিটির মতামতের ভিত্তিতে দেশে একটি শক্তিশালী ও স্বাধীন ‘গণমাধ্যম কমিশন’ গঠন করার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি স্পষ্ট করে বলেন যে, রেগুলেশন মানে নিয়ন্ত্রণ নয়, বরং সরকার একটি সুস্থ ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করতে চায়।
রাজধানীর সার্কিট হাউজ রোডের তথ্য ভবন মিলনায়তনে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠায় প্রধান সহযাত্রী স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম’। মন্ত্রী জানান, তথ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট অংশীদারদের নিয়ে একটি সম্মিলিত মঞ্চ তৈরি করার পরিকল্পনা করছে।
একজন গ্রহণযোগ্য গণমাধ্যম বিশেষজ্ঞকে সামনে রেখে একটি পরামর্শ কমিটি গঠন করা হবে এবং তাদের সুপারিশের ভিত্তিতেই চূড়ান্তভাবে গণমাধ্যম কমিশন গঠিত হবে। তিনি উদাহরণ দিয়ে বলেন, যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশেও রেগুলেটরি বডি রয়েছে যেখানে সরকার একটি পক্ষ মাত্র। সরকারের ভূমিকা কেবল আইনি ও লজিস্টিক সহযোগিতা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে।
গণমাধ্যম শিল্পের বিভিন্ন অসংগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, সংবাদপত্রের সার্কুলেশন এবং টেলিভিশনের টিআরপি নির্ধারণে বর্তমানে যে প্রক্রিয়া চলছে তা এক প্রকার প্রতারণা। কোটি কোটি টেলিভিশন গ্রাহকের বিপরীতে মাত্র কয়েকশ ডিভাইসের মাধ্যমে টিআরপি নির্ধারণ গ্রহণযোগ্য নয়। তিনি জোর দিয়ে বলেন, তথ্য হতে হলে তাকে অবশ্যই ডেটা বা উপাত্ত নির্ভর হতে হবে।
জনগণের কাছে দায়বদ্ধ থেকে একটি স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, মালিক ও সম্পাদকদের সাথে নিয়ে সরকার এই অস্বস্তিকর পরিবেশ কাটিয়ে উঠতে চায়। সভায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম, মানবজমিন সম্পাদক ও নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ এবং বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী।
এস এম/ ৩ মে ২০২৬









