চট্টগ্রাম

চট্টগ্রামে একীভূত ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ ও তালা ঝুলিয়ে প্রতিবাদ

চট্টগ্রাম, ৩ মে – চট্টগ্রামে একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের গ্রাহকেরা তাদের আমানত ফেরত এবং মুনাফা কর্তনের ‘হেয়ারকাট’ পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন। রবিবার সকালে নগরের খাতুনগঞ্জ এলাকায় ইউনিয়ন ব্যাংকের একটি শাখায় এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভের একপর্যায়ে ক্ষুব্ধ গ্রাহকেরা ব্যাংকটির ওই শাখায় তালা ঝুলিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিক্ষোভকারী গ্রাহকদের অভিযোগ, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত আমানতের ওপর কোনো মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক।

নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পরও কিংবা জরুরি প্রয়োজনে আমানতের টাকা ফেরত পাওয়া যাচ্ছে না বলে তারা দাবি করেন। একীভূত হওয়ার পর ব্যাংকগুলোর ব্যবস্থাপনায় চরম অস্থিরতা দেখা দিয়েছে যা সাধারণ গ্রাহকদের চরম ভোগান্তিতে ফেলেছে। আন্দোলনরত গ্রাহকরা আরও জানান, আমানতের ওপর মুনাফা কর্তন বা ‘হেয়ারকাট’ পদ্ধতি অবিলম্বে বাতিল করতে হবে।

ব্যাংকের স্বাভাবিক লেনদেন দ্রুত চালুর পাশাপাশি পুরো টাকা ফেরত দেওয়ার দাবি জানান তারা। দাবি আদায় না হলে চট্টগ্রামের সব ব্যাংকে তালা দেওয়ার মতো কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা। পরে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও গ্রাহকদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।

এস এম/ ৩ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language