ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ঢাকা, ১৪ জুন – ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ রাত ১টার মধ্যে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, এই সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আজ সন্ধ্যা ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতার পরিমাণ রেকর্ড করা হয়েছে ৬৯ শতাংশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আগামীকাল সোমবার ভোর ৫টা ১১ মিনিটে সূর্যোদয় এবং সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে সূর্যাস্ত হবে।
এনএন/ ১৪ জুন ২০২৬









