চট্টগ্রাম

মিরসরাইয়ে পাহাড়িকা এক্সপ্রেস ও ট্রাকের সংঘর্ষ, রেলকর্মীদের তৎপরতায় বড় রক্ষা

চট্টগ্রাম, ৭ জুন – চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সকালে উপজেলার জোরারগঞ্জ মধ্যম সোনাপাহাড় এলাকার একটি অরক্ষিত লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে কর্মীদের তাৎক্ষণিক তৎপরতায় জরুরি ব্রেক প্রয়োগ করায় বড় ধরনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি যখন ৬৬/৩ কিলোমিটার পয়েন্ট অতিক্রম করছিল, তখন হঠাৎ একটি বালুবোঝাই ট্রাক লাইনের ওপর উঠে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান,

ট্রেনের ইনচার্জ গার্ড শহিদুল ইসলাম রাসু এবং কন্ট্রাক্টর গার্ড মিজানুর রহমান চৌধুরী দ্রুত ইমারজেন্সি ব্রেক প্রয়োগ করেন। তাদের এমন সময়োচিত পদক্ষেপের কারণে ট্রেনটি বড় দুর্ঘটনার কবল থেকে রক্ষা পায়।

দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনার পর চট্টগ্রামের সাথে ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বিঘ্নিত হলেও বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিক জানান, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

এস এম/ ৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language