অস্ট্রিয়ায় শিশুখাদ্যে ইঁদুর মারার বিষ মিশিয়ে মুক্তিপণ দাবি, গ্রেফতার ১

ভিয়েনা, ৩ মে – ইউরোপের বাজারে জনপ্রিয় শিশুখাদ্য প্রস্তুতকারক ব্র্যান্ড হিপ এর জারে ইঁদুর মারার বিষ মিশিয়ে বড় অংকের অর্থ দাবির ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। গাজর ও আলুর পিউরির জারে এই বিষ মিশিয়ে একটি চক্র প্রায় ২০ লাখ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় ২৫ কোটি টাকা মুক্তিপণ দাবি করে।
এই ঘটনায় দীর্ঘ তদন্ত শেষে ৩৯ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে অস্ট্রিয়া পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন অপরাধী চক্রটি ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্ট কোম্পানির কাছে এই মুক্তিপণ চেয়েছিল। গত ২৭ মার্চ পাঠানো সেই ইমেইলটি কর্তৃপক্ষ অনেক পরে দেখতে পায়।
ইমেইলটি কোম্পানির এমন একটি ইনবক্সে পাঠানো হয়েছিল যা নিয়মিত পরীক্ষা করা হয় না। ফলে সময়সীমা পেরিয়ে যাওয়ার পর বিষয়টি সবার নজরে আসে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত অস্ট্রিয়া চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়ায় বিষমিশ্রিত পাঁচটি জার উদ্ধার করা হয়েছে।
তবে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ধারণা অন্তত আরও একটি বিষাক্ত জার এখনো বাজারের কোনো দোকানে থাকতে পারে। নিরাপত্তার খাতিরে হিপ কর্তৃপক্ষ তাদের নির্দিষ্ট সিরিজের সকল পণ্য বাজার থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর ভোক্তাদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
কোনো জারের ঢাকনা ক্ষতিগ্রস্ত থাকলে নিরাপত্তা সিল ছেঁড়া থাকলে বা জার থেকে অস্বাভাবিক গন্ধ আসলে তা ব্যবহার না করতে বলা হয়েছে। এছাড়া সন্দেহভাজন জারের নিচে বিশেষ স্টিকার থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অস্ট্রিয়ার স্বাস্থ্য সংস্থা জানিয়েছে কোনো শিশু যদি ভুলবশত এই বিষাক্ত খাবার খেয়ে ফেলে এবং শরীরে অতিরিক্ত দুর্বলতা বা রক্তপাতের মতো লক্ষণ দেখা দেয় তবে দ্রুত হাসপাতালে নিতে হবে।
পুলিশের মুখপাত্র হেলমুট মারবান জানান গ্রেফতারকৃত ব্যক্তির পরিচয় তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করা হচ্ছে না। এই চক্রের সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
এস এম/ ৩ মে ২০২৬









