চীন ও ভারত থেকে এলো ৫৩ হাজার টন ডিজেল, চট্টগ্রাম বন্দরে দুই জাহাজ

ঢাকা, ২ মে – চীন ও ভারত থেকে মোট ৫৩ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে আরও দুটি জাহাজ। শনিবার জাহাজগুলোর স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইন এই তথ্য নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানিকৃত এই জ্বালানি দিয়ে দেশের বর্তমানের দৈনিক গড়ে ১২ হাজার ৫০০ টন চাহিদা অনুযায়ী প্রায় চার দিনের প্রয়োজন মেটানো সম্ভব হবে।
প্রাইড শিপিং লাইনের তথ্য মতে, চীন থেকে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ লিলা কিংস্টন ১৯ হাজার টন ডিজেল নিয়ে শুক্রবার বিকেলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়। এরপর শনিবার ভোরে আরও ৩৪ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ প্রাইভেট সোলানা কুতুবদিয়া এঙ্করেজে নোঙর করে।
প্রাইড শিপিং লাইনের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, বর্তমানে ডলফিন জেটিতে দুটি এবং বহির্নোঙরে আরও দুটি জাহাজ অপেক্ষমাণ আছে। একটি জাহাজ থেকে লাইটারিং কার্যক্রম চলমান রয়েছে। নতুন জাহাজ দুটি যুক্ত হওয়ায় বর্তমানে বন্দরে জ্বালানি তেলবাহী জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে সাতটিতে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সূত্রে জানা গেছে, মে মাসে ১ লাখ টন ক্রুড অয়েলসহ মোট ৬ লাখ টন জ্বালানি আমদানির লক্ষ্যমাত্রা রয়েছে। এর আগে এপ্রিল মাসে ২০টি জাহাজে করে ৬ লাখ ৫ হাজার ২২৭ টন জ্বালানি আমদানি করা হয়েছিল। নতুন এই চালানের ফলে দেশের নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ব্যবস্থা আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।
এস এম/ ২ মে ২০২৬









