মার্কিন নৌবাহিনী জলদস্যুর মতো কাজ করছে: ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ২ মে – ইরানের বিরুদ্ধে চলমান অবরোধ ও সামরিক তৎপরতা প্রসঙ্গে মার্কিন নৌবাহিনীর কার্যক্রমকে জলদস্যুর আচরণের সঙ্গে তুলনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় আয়োজিত এক জনসভায় ট্রাম্প সাম্প্রতিক একটি সামরিক অভিযানের বর্ণনা দিতে গিয়ে এই মন্তব্য করেন। সমাবেশে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন যে মার্কিন বাহিনী বিভিন্ন জাহাজে অতর্কিত অভিযান চালিয়ে সেগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে।
তিনি উল্লেখ করেন যে তারা কার্গো ও তেল জব্দ করছেন এবং পুরো বিষয়টিকে অত্যন্ত লাভজনক এক ব্যবসা হিসেবে অভিহিত করেন। সমর্থকদের উল্লাসের মুখে তিনি আরও জানান যে যুক্তরাষ্ট্র কোনো লুকোচুরি খেলছে না বরং অত্যন্ত গুরুত্বের সঙ্গেই এই পদক্ষেপগুলো গ্রহণ করছে। ট্রাম্পের এমন বক্তব্য এমন এক সময়ে সামনে এল যখন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা ইরানের ওপর আরোপিত অবরোধ ও সামুদ্রিক পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।
বিশেষ করে বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। বিশ্লেষকদের ধারণা ট্রাম্পের এই কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। তেহরান ইতোমধ্যে এই জলপথটি কার্যত বন্ধ করে দিয়েছে এবং আন্তর্জাতিক নৌ আইনের তোয়াক্কা না করে জাহাজ চলাচলের ওপর বিশেষ ফি আরোপের পরিকল্পনা করছে।
উল্লেখ্য যে গত ২৮ ফেব্রুয়ারি ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে বড় ধরনের সংঘাত শুরু হয়। উভয় পক্ষের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দেয়। দীর্ঘ ৩৯ দিন যুদ্ধের পর গত ৮ এপ্রিল থেকে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি শুরু হয়েছিল।
এর আগে গত ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনা হলেও তা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প একক সিদ্ধান্তে অনির্দিষ্টকালের জন্য এর মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন। পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা চালিয়ে গেলেও ইরান এখন পর্যন্ত দ্বিতীয় দফায় আলোচনায় বসতে রাজি হয়নি। পর্যবেক্ষকরা মনে করছেন ট্রাম্পের বর্তমান আক্রমণাত্মক অবস্থান মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে পারে।
এস এম/ ২ মে ২০২৬









