জাতীয়

ফ্রেন্ডশিপ পাইপলাইনে ভারত থেকে আরও ৫ হাজার টন ডিজেল আসছে

ঢাকা, ২৯ এপ্রিল – ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল আসা শুরু হয়েছে। ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে এই জ্বালানি তেল পাম্পিং করা হচ্ছে। গত মঙ্গলবার রাত আটটার দিকে পাইপলাইনের মাধ্যমে এই ডিজেল পাম্পিং প্রক্রিয়া শুরু হয়। কোনো কারিগরি জটিলতা দেখা না দিলে আগামী বৃহস্পতিবার রাত আটটার মধ্যে সমুদয় ডিজেল পার্বতীপুর ডিপোতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

পার্বতীপুর রেলহেড পিওএল ডিপোতে অবস্থিত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কাজী মো. রবিউল আলম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারত থেকে আরও পাঁচ হাজার টন ডিজেল আমদানির প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। চলতি এপ্রিল মাসে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে চার দফায় মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে।

ডিজেল আমদানির এই প্রক্রিয়াকে একটি নিয়মিত কার্যক্রম বলে উল্লেখ করেছেন ডিপোর এই কর্মকর্তা। তিনি আরও জানান, বর্তমানে পার্বতীপুর ডিপোতে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং তেলের সরবরাহ ও বিতরণের সার্বিক কার্যক্রমও স্বাভাবিকভাবে চলছে। এর আগে গত মার্চ মাসে এই ডিপোতে পাইপলাইনের মাধ্যমে মোট ২২ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হয়েছিল।

এস এম/ ২৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language