সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান জানালেন বিরোধীদলীয় নেতা

ঢাকা, ২৬ এপ্রিল – জাতীয় সংসদে সরকারি দলের সদস্যদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রোববার সন্ধ্যায় সংসদের ২১তম অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।
জুলাই অভ্যুত্থানের শহীদের সংখ্যা নিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজীব হাসানের করা সমালোচনার প্রেক্ষিতে তিনি এই জবাব দেন।
এর আগে প্রতিমন্ত্রী রাজীব হাসান প্রশ্ন তোলেন, সরকারি গেজেটে ৮৪৪ জন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে সর্বোচ্চ ১৪০০ শহীদের কথা বলা হলেও বিরোধীদলীয় নেতা কীভাবে ১২০০ শহীদের বাড়িতে যাওয়ার দাবি করেন। তিনি একে ইতিহাসের বিকৃতি ও শহীদ ব্যবসার অপচেষ্টা হিসেবে অভিহিত করেন।
জবাবে ডা. শফিকুর রহমান বলেন, সংসদ সদস্য সালাউদ্দিন টুকু তার বক্তব্যে জানিয়েছেন যে কেবল জাতীয়তাবাদী দল ও এর অঙ্গসংগঠনের ১ হাজারের বেশি কর্মী শহীদ হয়েছেন। এই তথ্য থেকেই শহীদদের সংখ্যার হিসাব পাওয়া সম্ভব। তিনি আরও দাবি করেন, তারা যাচাই বাছাই করেই তালিকা তৈরি করেছেন এবং এই প্রোফাইল তাদের ওয়েবসাইটেও দেওয়া আছে।
তিনি জাতিসংঘের মানবাধিকার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির তথ্যের কথা উল্লেখ করে বলেন যে সংস্থাটির হিসেবে শহীদের সংখ্যা ১ হাজার ৪৫১ জন। বিরোধীদলীয় নেতা আক্ষেপ প্রকাশ করে বলেন, ইন্টারনেট বন্ধের সময় যাদের হত্যা করে গুম করা হয়েছে তাদের কোনো হিসাব নেই। ফলে প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে।
পরিশেষে তিনি সংসদে বক্তব্য প্রদানের ক্ষেত্রে সবার সংযত ও দায়িত্বশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এনএন/ ২৬ এপ্রিল ২০২৬









