রংপুরে রেকর্ড বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা

রংপুর, ২৬ এপ্রিল – রংপুর ও এর পার্শ্ববর্তী এলাকায় গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রসহ প্রধান নদ-নদীর পানি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এর ফলে উত্তরাঞ্চলের নিম্নাঞ্চলের রবি ফসল তলিয়ে যাওয়ার তীব্র সম্ভাবনা তৈরি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, রোববার সকাল ৯টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানির স্তর ছিল ৫০ দশমিক ৭০ সেন্টিমিটার। গত ২৪ ঘণ্টায় সেখানে পানি বেড়েছে প্রায় ৪০ সেন্টিমিটার।
একইভাবে বৃদ্ধি পেয়েছে ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানিও। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে কর্তৃপক্ষ জানিয়েছে যে পানি বাড়লেও আপাতত বড় কোনো বন্যার আশঙ্কা নেই। তিস্তা তীরবর্তী গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলার চরাঞ্চলে চাষ করা মরিচ, পেঁয়াজ, রসুন, বাদাম, মিষ্টি কুমড়া এবং ধান ও গমসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
অনেকে লোকসানের ভয়ে অপরিপক্ব ধানই কাটতে শুরু করেছেন। টানা বর্ষণে রংপুর নগরীর শ্যামাসুন্দরী খাল উপচে আশপাশের বাড়িঘর ও সড়কে পানি প্রবেশ করেছে। নগরীর জুম্মাপাড়া, কামারপাড়া, মুন্সিপাড়া ও হনুমানতলাসহ বেশ কিছু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পানি ঢুকে পড়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানেও, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তফিজার রহমান জানিয়েছেন, এপ্রিল মাসে সচরাচর এ ধরনের ভারী বৃষ্টিপাত দেখা যায় না। এই বৃষ্টিপাত আরও অন্তত চারদিন অব্যাহত থাকতে পারে বলে তিনি সতর্ক করেছেন।
এস এম/ ২৬ এপ্রিল ২০২৬









