ঢাকার হকার পুনর্বাসনে নীতিমালা তৈরি করছে স্থানীয় সরকার বিভাগ

ঢাকা, ২৬ এপ্রিল – রাজধানী ঢাকার হকার ও ফুটপাতে ব্যবসারত প্রান্তিক জনগোষ্ঠীকে পুনর্বাসনের লক্ষ্যে একটি সমন্বিত নীতিমালা প্রণয়ন করছে সরকার। স্থানীয় সরকার বিভাগ এই লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। কমিটির সদস্যরা ইতোমধ্যেই তাদের কার্যক্রম শুরু করেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে এই নীতিমালা চূড়ান্ত করার প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক এবং সিটি কর্পোরেশন ১ শাখার উপসচিবকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার এবং রাজউকের একজন পরিচালক সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। কমিটির প্রধান উদ্দেশ্য হলো ঢাকা মহানগরীর যানজট নিয়ন্ত্রণ এবং ফুটপাত দখলমুক্ত করে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করা। একই সাথে ফুটপাতে ব্যবসা করা প্রান্তিক মানুষদের জীবন ও জীবিকা রক্ষায় তাদের সুবিধাজনক স্থানে পুনর্বাসনের একটি কার্যকর পথনকশা তৈরি করা হবে।
স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে এই নীতিমালা প্রণয়ন করে সচিবের কাছে জমা দেওয়া হবে। সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও সিটি কর্পোরেশন যৌথভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এপ্রিলের শুরুর দিকে চালানো এই অভিযানে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে বড় অংকের জরিমানা এবং অনেককে কারাদণ্ডও দেওয়া হয়।
গুলিস্তান, নিউমার্কেট ও সায়েন্সল্যাবসহ বিভিন্ন এলাকায় অভিযান চললেও কিছুদিন পরই হকাররা পুনরায় ফুটপাত দখল করে বসেন। এদিকে বাংলাদেশ হকার্স ইউনিয়ন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করার দাবি জানিয়ে ১০ দফা দাবি উত্থাপন করেছে। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে হকারদের রাষ্ট্রীয় স্বীকৃতি, জীবিকা সুরক্ষা আইন এবং চাঁদাবাজি বন্ধ করে রাজস্ব আদায়ের ব্যবস্থা করা। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরীক্ষামূলকভাবে রাজধানীর ৮টি স্থানে নৈশ মার্কেট চালুর পরিকল্পনা গ্রহণ করেছে। অফিস সময়ের পর নির্দিষ্ট সময় পর্যন্ত হকাররা যাতে নির্দিষ্ট স্থানে বসতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
এস এম/ ২৬ এপ্রিল ২০২৬









